রাশিয়া মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দু রভের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সহায়তার আনুষ্ঠানিক অভিযোগ এনেছে। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এফএসবি জানিয়েছে, টেলিগ্রাম ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে ‘নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি ও সমন্বয়’ করা হয়েছে। সংস্থাটি দাবি করেছে যে, ইউক্রেনের বিভিন্ন চ্যানেল, চ্যাট ও বট মুছে ফেলতে ব্যর্থ হয়েছে টেলিগ্রাম।
এছাড়াও, ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থাগুলো সদস্য সংগ্রহের কাজে টেলিগ্রাম ব্যবহার করছে বলেও অভিযোগ তোলা হয়েছে। ৪১ বছর বয়সী পাভেল দু রভ বর্তমানে রাশিয়ার বাইরে বসবাস করছেন এবং তিনি ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাতের নাগরিক।
বিশ্বব্যাপী প্রায় ৯৫ কোটি মানুষ টেলিগ্রাম ব্যবহার করেন, তবে অ্যাপটির কনটেন্ট মডারেশনে ঢিলেঢালা নীতির কারণে এটি নিয়ে আগেও সমালোচনা হয়েছে। টেলিগ্রাম কর্তৃপক্ষ এসব অভিযোগ সবসময় অস্বীকার করে এসেছে।
এর আগে ২০২৪ সালে ফ্রান্সে গ্রেপ্তার হয়েছিলেন দু রভ এবং সেখানেও তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে।