প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, কথামালার রাজনীতি থেকে বেরিয়ে এসে দেশে কাজের রাজনীতি শুরু হয়েছে। তিনি জানান, বর্তমান সরকার নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে পরিকল্পনা নিয়ে কাজ করছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে ঢাকায় বিনিয়োগ ভবনে বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষ্যে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। রাশেদ আল মাহমুদ তিতুমীর উল্লেখ করেন, বিগত সময়ে শিক্ষা ব্যবস্থার মেরুদন্ড ভেঙে দেওয়ার কারণে দক্ষ জনশক্তি গড়ে ওঠেনি।
তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকার পদক্ষেপ নিচ্ছে। তিতুমীর আরও বলেন, বর্তমান অবস্থা এমন যে, তলিয়ে যাওয়া একটি জাহাজকে টেনে তুলে আবার নতুন করে সামনে এগিয়ে নিতে হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, সেই আশ্বাসে দেশের মানুষ বিএনপিকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। জনগণের সেই আস্থার প্রতিদান দিতে যুব সমাজকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।
সমৃদ্ধ ভবিষ্যৎ তৈরি করতে সরকার নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলেও জানান রাশেদ আল মাহমুদ তিতুমীর।