৫৯ বছর বয়সে পেশাদার ফুটবল চালিয়ে যাওয়ার এক নতুন নজির স্থাপন করেছেন কাজুয়োশি মিউরা। তিনি এম্পেরর’স কাপের একটি ম্যাচে ইওয়াকি ফুরুগাওয়ার বিপক্ষে গোল করেছেন। এই গোলের মাধ্যমে প্রায় ৪ বছর পর পেশাদার ফুটবলে গোলের দেখা পেলেন তিনি।
ম্যাচের ৫২ মিনিটে গোলটি করেন ‘কিং কাজু’। ফুকুশিমা ইউনাইটেডের হয়ে খেলা মিউরা সতীর্থের কাটব্যাক থেকে প্রথম স্পর্শেই নিখুঁত ফিনিশিং করেন। ওই সময় ফুকুশিমা ৫-০ ব্যবধানে এগিয়ে ছিল। মিউরার গোলের পর মাঠে থাকা সতীর্থ ও বেঞ্চের খেলোয়াড়রা উচ্ছ্বাসে মেতে ওঠেন।
২০২২ সালের নভেম্বরের পর প্রতিযোগিতামূলক ফুটবলে এটি তাঁর প্রথম গোল। গোল করার তিন মিনিট পরই মিউরাকে বদলি করা হয়। জাপানের জাতীয় দলের হয়ে ৮৯ ম্যাচে ৫৫ গোল করার রেকর্ড রয়েছে তার।
বর্তমানে কাজুয়োশি মিউরা পেশাদার ফুটবলে নিজের ৪২তম মৌসুমের প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি তার ফুকুশিমা ইউনাইটেডের সঙ্গে ধারের চুক্তি ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে তিনি ৬০ বছরে পা দিয়েও পেশাদার ফুটবল খেলতে থাকবেন।