সোমবার, ২৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলার জন্য ইউক্রেনকে দায়ী করলো তেহরান

কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলার অভিযোগে ইউক্রেনকে দায়ী করেছে তেহরান।

কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলার জন্য ইউক্রেনকে দায়ী করলো তেহরান

কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ তুলেছে তেহরান। এ হামলায় একজন নাবিক নিহত এবং একজন আহত হয়েছেন। শনিবারের এই হামলাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক’ আখ্যা দিয়ে তেহরান ইউক্রেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করেছে।

ইরানের দাবি, ইউক্রেনের নেতৃত্ব এ হামলার দায় স্বীকার করেছে। তেহরান জানিয়েছে, এটি কিয়েভের ‘অযৌক্তিক ও বৈরী’ নীতির প্রকাশ। ইরান সরকার জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ হামলা জাতিসংঘ সনদের ২(৪) অনুচ্ছেদের লঙ্ঘন এবং এর ফলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আরও বিস্তৃত ও তীব্র হতে পারে।

পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক প্রধান কাজা কালাসের সঙ্গে টেলিফোনে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তার দফতরের বিবৃতিতে হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদক তোহিদ আসাদি জানান, ইরান উদ্বিগ্ন, কারণ হামলার ফলে দেশটির সামুদ্রিক বাণিজ্যের ওপর চাপ বাড়ছে। তিনি বলেন, ইরান কখনোই রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করেনি।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেন, কাস্পিয়ান সাগরে হামলায় ইউক্রেন ‘শক্তিশালী ফলাফল’ অর্জন করেছে। তিনি জানান, ইরানের সঙ্গে সংশ্লিষ্ট সামরিক মালামাল পরিবহনে ব্যবহৃত জাহাজে আঘাত হানা হয়েছে।

জেলেনস্কি অভিযোগ করেন, রাশিয়া ইরানের কাছে উপসাগরীয় দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনার স্যাটেলাইট চিত্র সরবরাহ করেছে। ২০২২ সালে ইরান রাশিয়ার কাছে শাহেদ ড্রোন বিক্রির পর থেকেই দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে।

বিজ্ঞাপন