প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব এবং ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তুলবে সরকার। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সভায় তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে ব্যবসা ও বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ভ্যাট ও ট্যাক্স ব্যবস্থা সহজীকরণ করতে বেশকিছু কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার।’
তিনি আরও বলেন, ‘ব্যবসা-বাণিজ্যে সফলতার জন্য সরকারের ব্যবসাবান্ধব নীতি গুরুত্বপূর্ণ। দেশের ব্যবসা খাতে অনেক চ্যালেঞ্জ আছে, সেইসঙ্গে সামর্থও আছে ভালো কিছু করার।’
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ‘বাংলাদেশে নিরাপদ বিদেশি বিনিয়োগ প্রয়োজন। তাই টেকসই ও স্থায়ী বিদেশি বিনিয়োগ চায় সরকার।’
শিল্পের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি বৃহৎ উৎপাদন হাব হিসেবে প্রতিষ্ঠিত করছি, আমাদের তৈরি পোশাক শিল্পকে বৈচিত্র্যময় করছি এবং মানবসম্পদ উন্নয়নে প্রয়োজনীয় প্রযুক্তি ও দক্ষতায় অগ্রাধিকার দিচ্ছি।’