রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ব্যাহত হওয়ায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এর ফলে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, যা চালক, যাত্রী ও স্টেশন মালিকদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিতরণ সংস্থা তিতাস জানিয়েছে, মহেশখালি গ্যাস টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে সাময়িক সমস্যা তৈরি হয়েছে এবং দ্রুত এর সমাধানে কাজ চলছে। গত কয়েকদিন ধরে বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশনেই যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে।
কিছু স্টেশনে গ্যাসের চাপ এতটাই কম যে সরবরাহ ধীরগতিতে চলছে এবং কিছু ক্ষেত্রে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। চালকরা গ্যাসের আশায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন, যা তাদের কর্মঘণ্টা নষ্ট করছে এবং দৈনিক আয় কমিয়ে দিচ্ছে।
সিএনজি স্টেশন কর্তৃপক্ষ জানায়, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমে যাওয়ায় চাহিদা অনুযায়ী সরবরাহ করা সম্ভব হচ্ছে না। বর্তমানে মহেশখালীতে দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে দৈনিক সর্বোচ্চ প্রায় ১১০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহের সক্ষমতা রয়েছে, কিন্তু কারিগরি ত্রুটির কারণে সরবরাহ প্রায় অর্ধেকে নেমে এসেছে।
এদিকে, সংকটের প্রভাব শুধু সিএনজি স্টেশনেই সীমাবদ্ধ নয়। রাজধানীর অনেক আবাসিক এলাকায় গ্যাসের চাপ কম থাকায় রান্নাসহ নিত্যপ্রয়োজনীয় কাজে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের।