যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার বিশ্বকাপের সফল সমাপ্তির তিন দিন পর ফিফা সমর্থকদের ভোটে নির্বাচিত অফিসিয়াল ‘সেরা একাদশ’ ঘোষণা করেছে। বুধবার (২২ জুলাই) ক্লাসিক ৪-৩-৩ ছকে সাজানো এই দলে সবচেয়ে বেশি তিনজন করে ফুটবলার জায়গা পেয়েছেন স্পেন ও ফ্রান্স থেকে।
রানার্স-আপ আর্জেন্টিনা থেকে দুইজন এবং ইংল্যান্ড, নরওয়ে ও কেপ ভার্ডে থেকে একজন করে ফুটবলার নির্বাচিত হয়েছেন। তবে বড় চমক হলো, পুরো টুর্নামেন্টে আলো ছড়ানো স্প্যানিশ ওয়ান্ডারকিড লামিনে ইয়ামাল এবং ব্রাজিলের কোনো ফুটবলারের জায়গা না হওয়া।
এই ড্রিম টিমের গোলবারের নিচে দাঁড়িয়ে আছেন কেপ ভার্ডের গোলরক্ষক ভোজিনিয়া। তিনি পুরো আসরে দুর্দান্ত সেভ করে ৩৯.৬ শতাংশ ভোট পেয়ে সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন।
রক্ষণভাগে স্থান পেয়েছেন স্পেনের দুই ফুলব্যাক মার্ক কুকুরেয়া ও পেদ্রো পোরো, আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজ এবং ফ্রান্সের দায়ো উপামেকানো। কুকুরেয়া ২টি অ্যাসিস্ট এবং ৭টি ক্লিন শিটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
মাঝমাঠে রয়েছেন স্পেনের রদ্রি, ফ্রান্সের মাইকেল ওলিসে এবং ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম। আক্রমণভাগে আছেন আর্জেন্টিনার লিওনেল মেসি, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং নরওয়ের আর্লিং হল্যান্ড। এমবাপ্পে ১০ গোল ও ৪ অ্যাসিস্ট নিয়ে দ্বিতীয়বারের মতো গোল্ডেন বুট জিতেছেন।
ফিফার বিশ্বকাপ সেরা একাদশ:
গোলরক্ষক: ভোজিনিয়া (কেপ ভার্ডে)
রক্ষণভাগ: পেদ্রো পোরো (স্পেন), দায়ো উপামেকানো (ফ্রান্স), লিসান্দ্রো মার্তিনেজ (আর্জেন্টিনা), মার্ক কুকুরেয়া (স্পেন)
মাঝমাঠ: রদ্রি (স্পেন), মাইকেল ওলিসে (ফ্রান্স), জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড)
আক্রমণভাগ: লিওনেল মেসি (আর্জেন্টিনা), আর্লিং হলান্ড (নরওয়ে), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)