দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকায় করতোয়া নদীর তীব্র ভাঙনে বিপদের মুখে পড়েছে স্থানীয়রা। নদীর ভাঙনে বিলীন হচ্ছে বাড়িঘর ও ফসলি জমি, যা এলাকার অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় বাজার, রাস্তাঘাটসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকির মধ্যে রয়েছে। বর্ষা আসলেই নদীতীরবর্তী এলাকায় ভাঙনের প্রকোপ বাড়ে, যা গত কয়েক বছর ধরে অব্যাহত রয়েছে। বিশেষ করে চাম্পাতলী, নাপিতপাড়া, বানিয়াপাড়া এবং হাজীরঘাট এলাকা ইতিমধ্যে ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাঁরা ২০ বছর ধরে ভাঙনের কবলে আছেন এবং জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বর্তমানে শহরের পাড় ভেঙে যাওয়ার কারণে পুরো পৌর এলাকা হুমকির সম্মুখীন।
ঘোড়াঘাট পৌরসভার সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন বলেন, ‘ভাঙন থেকে শহর রক্ষায় নদী শাসন এবং স্থায়ী বাঁধ নির্মাণের প্রয়োজন।’
দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ জানান, ‘ভাঙন ঠেকাতে দ্রুত বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে।’ বর্তমানে ঘোড়াঘাট পৌর এলাকার প্রায় ৬০ হাজার বাসিন্দা বসত-ঘর ও ফসলি জমি রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণের অপেক্ষায় রয়েছেন।