টানা কয়েক দিনের ভারী বর্ষণে দেশের বিভিন্ন জেলার মরিচের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ার কারণে উৎপাদন ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে রাজধানীর বাজারে, যেখানে কাঁচা মরিচের দাম এক মাসের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়ে গেছে।
রাষ্ট্রীয় সংস্থা টিসিবির তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাজধানীর বাজারে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ১২০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এক মাস আগে একই মানের মরিচের দাম ছিল ৬০ থেকে ১০০ টাকা। ফলে কেজিপ্রতি দাম বেড়েছে সর্বোচ্চ ১০০ টাকা।
ব্যবসায়ীরা জানিয়েছেন, সপ্তাহ দেড়েক আগে টানা বৃষ্টি ও বন্যার কারণে সবজির সরবরাহ কমে যায়। তখন থেকেই কাঁচা মরিচের দাম বাড়তে শুরু করে। বর্তমানে বাজারে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে, তবে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের।
ব্যবসায়ীদের মতে, উৎপাদন স্বাভাবিক হলে এবং নতুন করে বাজারে সরবরাহ বাড়লে কাঁচা মরিচের দাম কিছুটা কমতে পারে।