রাজধানীর বাজারে টানা বৃষ্টি এবং উত্তরাঞ্চলে সাম্প্রতিক বন্যার কারণে সবজির সরবরাহ কমে গেছে। এর ফলে সবজির দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়ে গেছে।
ঢাকার নতুন বাজার ও মহাখালীসহ বিভিন্ন কাঁচাবাজারে দেখা গেছে, পটল, ঢেড়শ এবং পেপের কেজি ৬০ টাকায় বিক্রি হলেও করলা, বেগুন ও শষার কেজি ৮০ থেকে ১০০ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া, টমেটোর দাম ২৫০ থেকে ২৮০ টাকার মধ্যে ওঠানামা করছে। ধনে পাতার দামও বেড়ে ১০০ টাকা পর্যন্ত পৌঁছেছে।
বিক্রেতারা জানান, বৃষ্টির কারণে ক্রেতাদের আনাগোনা কমেছে এবং ক্ষেত থেকে সবজি তোলা কঠিন হয়ে পড়েছে। ফলে বাজারে বেচাকেনাও কমেছে। দোকানদাররা হতাশা প্রকাশ করেছেন, কারণ বৃষ্টির মধ্যে দোকান খোলার পর তাদের বিক্রি তেমন হচ্ছে না।
এদিকে, মাছের বাজারেও পরিস্থিতি খারাপ। মিঠা পানির বড় মাছের দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। পাবদা ও ট্যাংরার কেজি ৭০০ টাকায় বিক্রি হচ্ছে এবং রুই-কাতলের কেজি ৪০০ টাকা।
মুরগির বাজারেও স্বস্তির কোনো লক্ষণ নেই। ব্রয়লার মুরগির দাম ১৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যদিও সোনালী জাতের দাম স্থিতিশীল রয়েছে। দেশি জাতের মুরগির দাম ৭৫০ টাকায় পৌঁছেছে।
তবে বাজারে ডিমের যোগান ভালো রয়েছে এবং প্রতি ডজন ডিমের দাম ১১৫ থেকে ১২০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।