ঝিনাইদহের শৈলকূপায় ট্রাকের চাপায় ৭৫ বছরের এক পথচারী তারিফ উদ্দীন নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ৫টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চণ্ডীপুর এলাকার হান্নান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার ভোরে ফজরের নামাজ আদায় শেষে হাঁটতে বের হন তারিফ উদ্দীন। তিনি হান্নান ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে ঝিনাইদহের দিক থেকে আসা একটি ১০ চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের আইলেনে উঠে যায়। এ সময় ট্রাকটি তারিফ উদ্দীনকে চাপা দেয়, ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। শৈলকূপা ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন।
ঝিনাইদহ-আরাপপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।