হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের প্রধানসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, সোমবার সকালে বাহুবল উপজেলার চেরাগআলী ফিলিং স্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত দলের প্রধান লাল মিয়াকে (৩৯) গ্রেপ্তার করা হয়। এর আগে, গত ১৮ জুলাই মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকা থেকে ডাকাত দলের ৩ সদস্যকে এবং ১৯ জুলাই নবীগঞ্জ উপজেলার আউশকান্দি টোল প্লাজা এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ডিআই পিকআপসহ আরও ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল।
র্যাবের তথ্যমতে, লাল মিয়া পালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল ব্যবহার করেছিলেন। ধারাবাহিক অভিযানের মাধ্যমে তাকে আটক করা সম্ভব হয়েছে। গ্রেপ্তার লাল মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬টি ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে, এছাড়া ৭টি চুরি ও দস্যুতার মামলা এবং একাধিক মারামারি ও মাদক মামলা রয়েছে।
লাল মিয়া হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়া একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। সংবাদ সম্মেলনে র্যাব-৯ এর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোশারফ হোসেন সাগর জানান, হবিগঞ্জসহ সিলেট অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।