রাজধানীর সবুজবাগে পলাশ নামের এক ওয়ার্ড বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৮টার দিকে সবুজবাগ পানির পাম্পের সামনে এই ঘটনা ঘটে।
পলাশের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুরের সোনাপুর গ্রামে। তিনি পরিবারের সাথে মাদারটেক এলাকায় বাস করতেন। স্থানীয়রা জানান, পলাশ সবুজবাগ বাজারের একটি দোকানে আড্ডা দেওয়ার সময় ১০ থেকে ১২ জনের একটি দল তার ওপর হামলা চালায়।
দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে পলাশের দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে এবং বুকেও ছুরিকাঘাত করে। হামলার পর আশপাশের লোকজন পলাশকে মুগদা মেডিকেলে নিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
এদিকে, রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছে। তবে ওই ঘটনার বিস্তারিত এখনও জানা যায়নি।