ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব। গতকাল রোববার (১৯ জুলাই) বেলা ৩টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভারের নিচে এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব ১০-এর কোম্পানি কমান্ডার ফারহাম মাহমুদ মোক্তাদা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে ফরিদপুর ক্যাম্পের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।
অভিযানের সময় একটি কাভার্ড ভ্যান থামানোর চেষ্টা করা হলে, ভ্যানে থাকা দুই ব্যক্তি র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও জব্দ করা কাভার্ড ভ্যান প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। র্যাবের ভাষ্য অনুযায়ী, পালিয়ে যাওয়া ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি এবং তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ফরিদপুর ও ভাঙ্গাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।