আজ রাতে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত বিশ্বকাপ ফুটবলের এবারের আসরের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হলিউডের মেগাস্টার টম ক্রুজ, পপ কুইন শাকিরা, বিটিএস এবং জাস্টিন বিবারসহ আরও অনেক তারকা।
ম্যাচ শুরুর দেড় ঘণ্টা আগে শুরু হবে মূল অনুষ্ঠান, যার থিম ‘আ নাইট টু রিমেম্বার’। আলোকোজ্জ্বল স্টেডিয়ামে সুরের জাদু ছড়াতে মঞ্চে উঠবেন পোস্ট ম্যালোন, লরা পাউসিনি এবং রবি উইলিয়ামস। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন ওয়ান রিপাবলিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টম ক্রুজ, যা গ্যালারির উন্মাদনা বাড়িয়ে দেবে। ম্যাচ শুরুর ঠিক আগে আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন অস্কারজয়ী জেনিফার হাডসন।
প্রথমার্ধের শেষে ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ১১ মিনিটের ‘হাফ-টাইম শো’ অনুষ্ঠিত হবে, যেখানে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা, জাস্টিন বিবার এবং বিটিএস। এই শো-টি কোল্ডপ্লে ব্যান্ডের ক্রিস মার্টিনের কিউরেশনে তৈরি হচ্ছে, যা ইতিহাসের অন্যতম ব্যয়বহুল আয়োজন হতে যাচ্ছে।
অনুষ্ঠানে ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির এক অপূর্ব ফিউশন দেখা যাবে থ্রি-ডি লেজার শো এবং স্টেডিয়ামের আকাশজুড়ে ড্রোন ও আতশবাজির মেলার মাধ্যমে।
শেষে, মাঠের লড়াইয়ে একদলের শিরোপা জয়ের মধ্য দিয়ে পর্দা নামবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের।