ইরানের অস্থায়ী জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম মোহাম্দ জাভাদ হাজ-আলি-আকবারি, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নিতে চার ধাপের পরিকল্পনার কথা জানিয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) তেহরানে জুমার খুতবায় তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার যুগ স্থায়ীভাবে শেষ হয়ে গেছে।
হাজ-আলি-আকবারি বলেন, এখন থেকে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা এককভাবে ইরানের কর্তৃত্বে থাকবে। তিনি পরিকল্পনার প্রথম ধাপে, নেতার হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি দেওয়ার কথা উল্লেখ করেন।
দ্বিতীয় ধাপে, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে অভিযান চালানোর কথা বলা হয়েছে। তৃতীয় ধাপে, পশ্চিম এশিয়া থেকে ইসরায়েলকে সরানোর এবং চতুর্থ ধাপে, বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের আধিপত্যের অবসান ঘটানোর পরিকল্পনা রয়েছে।
হাজ-আলি-আকবারি দাবি করেন, ইরানের প্রতিরক্ষা ও গোয়েন্দা সংস্থা, কূটনৈতিক ও বিচারিক প্রতিষ্ঠানগুলো প্রথম ধাপের কার্যক্রম বাস্তবায়নে সমন্বয় করে কাজ করছে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ইরানের অভিযান ইতোমধ্যে শুরু হয়েছে।
তিনি বলেন, প্রতিশোধের চূড়ান্ত লক্ষ্য হবে আল-আকসা মসজিদ থেকে ইসরায়েলের দখলদারিত্ব মুক্ত করা এবং অঞ্চল থেকে ইসরায়েল রাষ্ট্রের অপসারণ।
হাজ-আলি-আকবারি আরও জানান, দক্ষিণ ইরানের বিভিন্ন প্রদেশে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর কূটনৈতিক সমঝোতার সব পথ বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে ভেঙে পড়েছে।
তিনি বলেন, হরমুজ প্রণালি ইরানের জন্য গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা সম্পদ এবং এর নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ইরান নিজেই করবে।
হাজ-আলি-আকবারি ইরাকের জনগণের সহযোগিতার প্রশংসা করেন এবং বলেন, প্রয়াত নেতার প্রতি শোক জানাতে ইরাকে প্রায় এক কোটি মানুষ অংশ নিয়েছিল।