যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার ফলে ইরানের দক্ষিণাঞ্চলের বিদ্যুৎ সরবরাহে চাপ সৃষ্টি হওয়ায় নাগরিকদের বিদ্যুৎ ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।
আধা-সরকারি বার্তা সংস্থা আইএসএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র গরম এবং বিদ্যুৎ অবকাঠামোর ক্ষতির কারণে দক্ষিণাঞ্চলের কয়েকটি প্রদেশে বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল রাখতে এই আহ্বান করা হয়েছে।
জ্বালানি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার সময় গ্রাহকদের প্রতি এক ঘণ্টার জন্য এয়ার কন্ডিশনার বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে। কর্তৃপক্ষ আশা করছে, এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত প্রদেশগুলোতে বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল রাখা সম্ভব হবে।
যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের বিদ্যুৎ গ্রিডে চাপ বাড়তে শুরু করে। দক্ষিণাঞ্চলে তীব্র তাপপ্রবাহের পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বৃহস্পতিবার তারা ইরানে নতুন হামলা চালিয়েছে, যা ছিল ইরানের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে চলমান ষষ্ঠ রাতের অভিযান।
ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। প্রতিক্রিয়া হিসেবে, ইরান উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
তবে, সংঘাত কমাতে, গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারকে সই করে। এর লক্ষ্য ছিল যুদ্ধের অবসান ঘটিয়ে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির পথে এগিয়ে যাওয়া। কিন্তু সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালি ঘিরে নতুন উত্তেজনা তৈরি হয়েছে।