বিশ্ব জ্বালানি ও বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি বন্ধ হওয়ার হুমকিতে পড়েছে। ইরানের সাম্প্রতিক ঘোষণার ফলে এই জলপথটি বন্ধ হলে বিশ্বব্যাপী তেল ও গ্যাস পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হবে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, দুটি গুরুত্বপূর্ণ জলপথ একসঙ্গে বন্ধ হলে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের ২৫ শতাংশ অবরুদ্ধ হয়ে যেতে পারে।
বাব আল-মান্দেব প্রণালি, যা উত্তর-পূর্ব ইয়েমেন এবং দক্ষিণ-পশ্চিম আফ্রিকার দেশ জিবুতি ও ইরিত্রিয়ার মাঝখানে অবস্থিত, মাত্র ২৯ কিলোমিটার চওড়া। এটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে হরমুজ প্রণালি বন্ধ হওয়ার আশঙ্কা বাড়ায় বাব আল-মান্দেবের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে।
ইরানের ট্রাম্পের হামলার হুমকির পর এই জলপথ বন্ধ করার হুমকি এসেছে। ইরানপন্থী ইয়েমেনভিত্তিক হুতি বিদ্রোহীরা এই অঞ্চলে প্রভাবশালী হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। পূর্বে গাজায় ইসরায়েলের যুদ্ধের সময় হুতিরা এই প্রণালিতে হামলা চালিয়ে জাহাজ চলাচল ব্যাহত করেছিল।
বিশ্বের প্রায় ৫ শতাংশ তেল ও ১০ শতাংশ পণ্য এই জলপথ দিয়ে চলে। অপরদিকে, হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবাহিত হয়। ফলে, বাব আল-মান্দেব বন্ধ হলে বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়বে এবং জ্বালানি তেলের দাম দ্রুত বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ এলিজাবেথ কেন্ডাল বলেন, "যদি দুটি গুরুত্বপূর্ণ জলপথ একসঙ্গে বন্ধ হয়, তবে ইউরোপের বাণিজ্য পঙ্গু হয়ে যেতে পারে।" ভূ-রাজনৈতিক বিশ্লেষকরা এই পরিস্থিতিকে একটি ‘দুঃস্বপ্ন’ হিসেবে বর্ণনা করছেন।