২০২৬-২৭ অর্থ বছরে ৪ হাজার ৫২৭ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বাজেটে সড়ক অবকাঠামোর জন্য সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে, যা ১ হাজার ৩৬৬ কোটি টাকা। বর্জ্য ব্যবস্থাপনায় বরাদ্দ ৫১১ কোটি টাকা এবং মশক নিধনের জন্য ২০৮ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৩১ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
রাজধানীর নাগরিকদের জন্য জলাবদ্ধতা, খানাখন্দে ভরা সড়ক এবং মশার সমস্যা একটি নিয়মিত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে সিটি করপোরেশন প্রতিবছর নাগরিক সুবিধা নিশ্চিত করতে এসব খাতে বরাদ্দ বৃদ্ধি করে চলেছে।
ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, 'এবারের বাজেটে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ, নগরের জলাবদ্ধতা প্রতিরোধ, রাস্তার সংস্কার এবং ড্রেন ব্যবস্থার আধুনিকীকরণসহ নগরবাসীর সেবায় একটি উন্নত পরিকল্পনার বাজেট ঘোষণা করা হয়েছে।'
সড়ক, ফুটপাত এবং ট্রাফিক ব্যবস্থাপনায় ১ হাজার ৩৬৬ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। নাগরিকদের স্বাস্থ্য এবং মশার উৎপাত থেকে রক্ষার জন্য ২০৮ কোটি ৮৫ লাখ টাকা বাজেট ধরা হয়েছে। জলাবদ্ধতা নিরসনে খাল খননে ৪৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
শফিকুল ইসলাম খান আরও জানান, 'প্রধানমন্ত্রীর ক্লিন ঢাকা গ্রীন ঢাকা স্লোগানকে সামনে রেখে বাজেট ঢেলে সাজানো হয়েছে।' গত অর্থ বছরের তুলনায় এবার ১ হাজার ৫৪২ কোটি টাকার কম বাজেট প্রস্তাব করা হয়েছে।