ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি মো. সাদিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সন্ধ্যা ৭টা ৩ মিনিটে আরিচা স্থল-কাম নদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মানিকগঞ্জের ডুবুরি মেরাজ আলী নিখোঁজ সাদিককে মৃত অবস্থায় উদ্ধার করেন।
আজ বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৬, বেলা ১১টা ২০ মিনিটে নারায়ণগঞ্জে ফায়ার স্টেশনের স্পিডবোটের রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ হন মো. সাদিক। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল, বিআইডব্লিউটিএ, বাংলাদেশ নেভি ও বাংলাদেশ কোস্ট গার্ডের ডুবুরি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
ফায়ার সার্ভিস মিডিয়া সেল জানায়, মো. সাদিকের বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কুমরাকান্দি গ্রামে। তাঁর বাবার নাম আশরাফ শেখ এবং মায়ের নাম লিলি বেগম।
মো. সাদিক ২০২১ সালের ২৪ অক্টোবর বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন। তিনি নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনে ডুবুরি হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং বিভিন্ন উদ্ধার অভিযানে নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। সাহসী কার্যক্রমের জন্য তিনি রাষ্ট্রীয় পদকও পেয়েছেন।