ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে অপসারণের প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন শহরে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে ফেদোরভকে পুনর্বহালের দাবি জানানো হয়।
গত বৃহস্পতিবার (১৬ জুলাই) বিবিসি এক প্রতিবেদনে জানায়, ইউক্রেনের রাজধানী কিয়েভে সংঘটিত আন্দোলনে অংশগ্রহণ করেন অধিকাংশ যুবক। তারা "ফেদোরভের শক্তি" এবং "বিজয় নস্যাৎ করা বন্ধ করুন" সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন এবং "ধিক্কার!" বলে স্লোগান দেন।
এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখনও তার সিদ্ধান্তের কোন ব্যাখ্যা প্রদান করেননি, যা সামরিক বাহিনী ও সুশীল সমাজের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করেছে।
মিখাইলো ফেদোরভ ৩৫ বছর বয়সে জানুয়ারিতে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত হন। মন্ত্রণালয়ে প্রাণ সঞ্চার, দুর্নীতিবিরোধী অভিযানের নেতৃত্ব এবং মাঠপর্যায়ে কর্মক্ষমতা বিশ্লেষণ ও উন্নত করার জন্য ডেটা ব্যবহারের কৃতিত্ব তাকে দেওয়া হয়।
কিছু বিশ্লেষক ফেদোরভের বরখাস্তকে তার এবং অপেক্ষাকৃত রক্ষণশীল মনোভাবাপন্ন সর্বাধিনায়ক ওলেক্সান্দর সিরস্কির মধ্যে উত্তেজনার ফল হিসেবে দেখছেন। অন্যদিকে, কিছু মন্তব্যকারী সামরিক বাহিনীতে সৈন্য সমাবেশ সংস্কারের ক্ষেত্রে তার ব্যর্থতার ওপর আলোকপাত করেছেন।