নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপে অস্বাভাবিক জোয়ার ও জলাবদ্ধতার কারণে সময়মতো হাসপাতালে যেতে না পারায় নাজমা আক্তার নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে নিঝুমদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্বজনরা জানিয়েছেন, অস্বাভাবিক জোয়ারের পানিতে গ্রামের বিভিন্ন সড়ক ডুবে যায়। এর মধ্যে নাজমা আক্তারের প্রসব বেদনা শুরু হলে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। তবে চারদিকে পানি থাকায় এবং যানবাহন চলাচল বন্ধ থাকায় তাকে স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি।
অবশেষে অতিরিক্ত রক্তক্ষরণ ও শারীরিক জটিলতার কারণে নাজমা মারা যান। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, এই ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের প্রয়োজন রয়েছে।