আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালকে ঘিরে ইংল্যান্ডের প্রধান কোচ টমাস টুখেল বলেছেন, তাদের মনোযোগ শুধুমাত্র মাঠের লড়াইয়ে। তিনি মঙ্গলবার (১৪ জুলাই) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এ কথা জানান।
টুখেল বলেন, "আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথে ইতিহাসের অনেক স্মরণীয় ও বিতর্কিত অধ্যায় থাকলেও আমরা অতীত নয়, বর্তমান নিয়েই ভাবছি।" তিনি উল্লেখ করেন, খেলোয়াড়রা জানে এই ম্যাচের গুরুত্ব, কিন্তু কোচ হিসেবে তিনি শুধুমাত্র সেই বিষয়গুলো নিয়েই কাজ করেন, যেগুলো তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি বলেন, "এই ম্যাচ নিজেই যথেষ্ট বড় একটি উপলক্ষ।" বিশ্বকাপের মঞ্চ বড় হওয়ার সঙ্গে সঙ্গে চাপও বাড়ছে উল্লেখ করে টুখেল বলেন, খেলোয়াড়দের জন্য নির্দেশনাগুলো সহজ রাখার চেষ্টা করছেন তিনি।
"মঞ্চ যত বড় হয়, উত্তেজনাও তত বাড়ে। তাই আমরা চেষ্টা করছি বার্তাগুলো সহজ রাখতে," যোগ করেন তিনি। ইংল্যান্ডের ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার সুযোগ সামনে রয়েছে।
টুখেল জানান, তিনি ইতিহাসের চাপ অনুভব করছেন না। "আমি কোনো বোঝা অনুভব করছি না। তবে ম্যাচের দিন স্নায়ুচাপ থাকবে, যা স্বাভাবিক।" তিনি খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা প্রশংসা করে বলেন, "তারা খুবই উচ্ছ্বসিত এবং এই ম্যাচ খেলার জন্য ক্ষুধার্ত।"
বিশ্বকাপ জিতলে প্রথম বিদেশি কোচ হিসেবে শিরোপা এনে দেওয়ার সম্ভাবনা নিয়ে ভাবছেন না টুখেল। তিনি বলেন, "আমি এভাবে ভাবি না এবং এমন কোনো ব্যক্তিগত লক্ষ্যও নির্ধারণ করি না।"
বিশ্বকাপের সৌন্দর্য নিয়ে মন্তব্য করে তিনি বলেন, "এটি একটি দেশকে একত্রিত করার সুযোগ। মানুষের দুশ্চিন্তা কিছু সময়ের জন্য ভুলিয়ে দিয়ে দলকে ঘিরে সবাইকে একসঙ্গে আনন্দ দেওয়াই এর মূল উদ্দেশ্য।"
টুখেল আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির প্রশংসা করে বলেন, "মেসির পায়ে বল গেলেই পুরো আক্রমণের গতি বদলে যায়। তাই তাকে নিয়ে সতর্ক থাকতে হবে।"
আজ বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় (১৬ জুলাই) দ্বিতীয় সেমিফাইনালে জয়ী দল আগামী রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় (২০ জুলাই) স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে।