বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যাওয়ার পর নিজেদের টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল ভুলের সমালোচনা করেছেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।
ডালাসে স্পেনের কাছে ২-০ গোলে হেরে শেষ চারে থেমে যায় ফ্রান্সের বিশ্বকাপ অভিযান। ম্যাচ শেষে ফরাসি সম্প্রচারমাধ্যম এম-৬'কে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেনি তার দল।
এমবাপ্পে জানান, 'আমরা যেভাবে ম্যাচটি খেলতে চেয়েছিলাম, সেভাবে খেলতে পারিনি। সেটা কৌশলগত দিক থেকে হোক, টেকনিক্যাল দিক থেকে হোক কিংবা পুরো দলের পারফরম্যান্সের মানের দিক থেকেই হোক।'
তিনি আরও বলেন, 'বিশ্বকাপের সেমিফাইনালে আপনি যখন যা করার কথা, তা যদি আপনি সময়মতো না করতে পারেন, তখন জয় পাওয়া কঠিন।'
স্পেনের খেলার ধরন সম্পর্কে এমবাপ্পে বলেন, 'আমাদের লক্ষ্য ছিল তাদের ওপর হাই প্রেসিং করা, যাতে স্প্যানিশরা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে না পারে। কিন্তু আমরা সেটা করতে ব্যর্থ হয়েছি।'
মাঝমাঠে স্পেনের আধিপত্যের প্রসঙ্গে তিনি জানান, 'মাঝমাঠে বারবার আমরা ৩ বনাম ২ পরিস্থিতিতে পড়েছি। আর স্পেনের মতো দলের বিপক্ষে এটা বড় সমস্যা।'
এমবাপ্পে বলেন, 'সবকিছু মিলিয়ে ফলাফল দাঁড়িয়েছে হার। এটা ভীষণ হতাশার।'
তবে এমবাপ্পে এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, 'ফাইনালে ওঠা আমাদের স্বপ্ন ছিল। আমরা চেয়েছিলাম নিজেদের দেশকে স্বপ্ন দেখার সুযোগ দিতে এবং ইতিহাস তৈরি করতে।'
এমবাপ্পে বলেন, 'এখন আমাদের এই বাস্তবতার মুখোমুখি হতে হবে মাথা উঁচু করে। আমি বিশ্বাস করি, জয় এলে যেমন মাথা উঁচু রাখতে হয়, হারলেও তেমনই মাথা উঁচু রাখতে হয়।'
তিনি নিজের হতাশা প্রকাশ করে বলেন, 'এই মুহূর্তে হতাশাটা অনেক বড়। আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, দল এবং আমি কতটা হতাশ।'
অবশেষে, এমবাপ্পে দ্রুত ঘুরে দাঁড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। তিনি বলেন, 'ফুটবল কারও জন্য অপেক্ষা করে না। আমাদের আবার শুরু করতে হবে, এই ব্যর্থতাকে পেছনে ফেলতে হবে এবং এখান থেকে শিক্ষা নিতে হবে।'