সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ ফল করা শিক্ষার্থীদের প্রত্যেককে ১ লাখ দিরহাম নগদ পুরস্কার দিয়েছেন। শনিবার (১১ জুলাই) আকস্মিকভাবে এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।
সরকারি, বেসরকারি এবং অ্যাপ্লাইড টেকনোলজি শিক্ষাব্যবস্থায় সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীরা এই সম্মাননা পেয়েছেন। বেসরকারি শিক্ষা ধারায় শারজাহর আল নূর ইন্টারন্যাশনাল প্রাইভেট স্কুলের আলি আসিম হাসান এবং আবুধাবির আল ফালাহ একাডেমির আবদুল্লাহ ইয়াসের আবু আরাবি জাতীয়ভাবে সেরা হয়েছেন।
অন্যদিকে, অ্যাপ্লাইড টেকনোলজি শিক্ষায় বিজ্ঞান ট্র্যাকে ফুজাইরাহর রাশিদ আহমেদ রাশিদ আল ধানহানি, অ্যাডভান্সড ট্র্যাকে আজমানের শাইখা আবদুল আজিজ আবদুল রহমান মোহাম্মদ আল হোসানি এবং জেনারেল ট্র্যাকে উম্ম আল কুওয়াইনের মারিয়াম সাঈদ হামাদ আল হাদফি আল কেতবি সর্বোচ্চ ফল অর্জন করেন।
শেখ মোহাম্মদ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় দেশের সেরা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন এবং বলেন, 'আমরা আমাদের কৃতী ছেলে-মেয়েদের নিয়ে গর্বিত।' তিনি আরও উল্লেখ করেন, 'শিক্ষা আমাদের সবচেয়ে বড় জাতীয় প্রকল্প এবং আমাদের সন্তানরাই বর্তমান ও ভবিষ্যতের সবচেয়ে বড় শক্তি।'
শেখ মোহাম্মদের এই উদ্যোগে শিক্ষার্থী ও তাদের পরিবার উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকেই এটিকে শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। এক অভিভাবক মন্তব্য করেছেন, 'দেশের নেতৃত্ব যেভাবে মেধাকে মূল্যায়ন করছে, তা ভবিষ্যৎ প্রজন্মকে আরও ভালো ফল করতে উৎসাহিত করবে।'
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীরা এবারের শিক্ষার্থীদের সাফল্যকে প্রশংসার দাবিদার বলে উল্লেখ করেছেন। তারা বলেন, মহামারি, অনলাইন ও অফলাইন শিক্ষাব্যবস্থার পরিবর্তন এবং বৈশ্বিক অস্থিরতার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করেও এই সাফল্য অর্জন সত্যিই প্রশংসনীয়।