দীর্ঘ দুই যুগ পর বিশ্বকাপ সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বুধবার (১৫ জুলাই) আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচকে ঘিরে তৈরি হয়েছে চরম উত্তেজনা ও নিরাপত্তা শঙ্কা।
১৯৮৬ বিশ্বকাপের ঐতিহাসিক ‘হ্যান্ড অব গড’ গোল থেকে শুরু করে ফকল্যান্ড যুদ্ধের মতো রাজনৈতিক ও ফুটবল বৈরিতা সম্পর্কে অবহিত থাকায় আটলান্টা পুলিশ ডিপার্টমেন্ট পুরো শহরে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে।
ফিফার টিকিট বণ্টন নীতির কারণে দুই দেশের হাজার হাজার সমর্থক স্টেডিয়ামে পাশাপাশি বসার সুযোগ পাচ্ছেন, যেখানে স্ব-স্ব ফুটবল ফেডারেশনের নির্ধারিত গ্যালারি নেই। এ কারণে পুরো মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম উত্তপ্ত বারুদাগারে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।
সম্ভাব্য দাঙ্গা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। স্টেডিয়াম, বিনোদন এলাকা এবং জনবহুল কেন্দ্রগুলোকে কঠোর নিরাপত্তাবেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে।
মাঠের বাইরের বিতর্ক উসকে দিতে সাফ মানা করে আর্জেন্টিনার কোচ স্কালোনি বলেন, "এটি স্রেফ একটি ফুটবল ম্যাচ, এর বেশি কিছু নয়।"
আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পল বলেন, "ফকল্যান্ড যুদ্ধ নিয়ে আলোচনা করার ক্ষেত্র এগুলো নয়; মাঠে আমাদের মূল মনোযোগ কেবল ফুটবলেই রাখা উচিত।"