ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো: আব্দুস সালাম আউটসোর্সিং কর্মচারীদের সরাসরি নিয়োগের দাবি জানিয়েছেন। তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং কর্মচারীরা দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এবং শতভাগ কাজ করেও পূর্ণ বেতন পাচ্ছেন না।
শনিবার (১১ জুলাই) দুপুরে কাকরাইলে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সেমিনারে তিনি এ দাবি জানান। আব্দুস সালাম বলেন, আউটসোর্সিং কর্মচারীদের চাকরি স্থায়ী করার দাবি যৌক্তিক। তবে সরকারকে সময় দিতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী অবশ্যই আউটসোর্সিং কর্মচারীদের চাকরি স্থায়ী করবেন। নতুন নিয়োগে আউটসোর্সিং যাতে না থাকে, সেজন্য তিনি চেষ্টা করে যাবেন।
ডিএসসিসি প্রশাসক সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আউটসোর্সিংয়ে কর্মরত কয়েক হাজার কর্মচারীদের ন্যায্য দাবি পূরণ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য তিনি কর্মচারীদের উৎসাহিত করেন।