ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী ঘোষণা করেছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি সাময়িকভাবে বন্ধ থাকবে।
রোববার (১২ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে রয়টার্স জানায়, আইআরজিসি একটি বিবৃতিতে বলেছে যে, একটি জাহাজ নিজেদের অবস্থান শনাক্তকারী ব্যবস্থা বন্ধ করে সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করেছিল। পরে ওই জাহাজটিতে হামলা চালিয়ে সেটিকে থামিয়ে দেওয়া হয়।
বিবৃতিতে আরও বলা হয়, কয়েকটি জাহাজ ‘অননুমোদিত পথ’ দিয়ে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করে এবং সতর্কবার্তা উপেক্ষা করে।
আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত কোনো জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে দেওয়া হবে না। নতুন কোনো হামলা বা নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটলে শক্ত হাতে জবাব দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।