গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে পৌঁছেছে এবং শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৭৪৭ জনে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে একজন ঢাকা বিভাগে এবং অন্যজন খুলনা বিভাগে ছিলেন।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯০ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৭১ জন, বরিশাল বিভাগে ৪৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪ জন, খুলনা বিভাগে ২২ জন, রাজশাহী বিভাগে ৭ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ২ জন রয়েছেন।
বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৬৫৫ জন রয়েছেন। চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে ৭ হাজার ৬৮ জন ছাড়পত্র পেয়েছেন।