প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শেয়ার বাজারের ধারাবাহিক পতন ঘটিয়ে হাজারো বিনিয়োগকারীকে নিঃস্ব করার জন্য দায়ীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে। তিনি আজ বুধবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ২১তম দিনে লিখিত প্রশ্নের জবাবে এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, শেয়ার বাজার কেলেঙ্কারির অভিযোগ দুদকের মাধ্যমে অনুসন্ধান করা হচ্ছে এবং কতিপয় ব্যক্তিকে চিহ্নিত করে মামলাসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি জানান, শেয়ার মার্কেটের পতন ঘটানোর পেছনে বিভিন্ন কারণ সক্রিয় ছিল, যেমন বাজার কারসাজি, কিছু কোম্পানির আইপিও ও বন্ডে অনিয়ম এবং নিয়ন্ত্রক সংস্থার দুর্বল তদারকি।
এবং আরও বলেন, "প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সীমিত অংশগ্রহণ, বাজারে আস্থার সংকট এবং বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা শেয়ার বাজারের পতনের কারণ।" তিনি জানান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এক হাজার ৪৯৭ কোটি টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার শেয়ার মার্কেটের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে বদ্ধপরিকর। তিনি উল্লেখ করেন যে, সরকারের উদ্যোগে সুশাসন, স্বচ্ছতা এবং বিনিয়োগ শিক্ষার প্রসারের মাধ্যমে উন্নত ও টেকসই পুঁজিবাজার গঠনের চেষ্টা চলছে।