শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

ফিফা ফ্রান্সের আপিল খারিজ করে ওলিসের হলুদ কার্ড বহাল রেখেছে

ফিফা ফ্রান্সের আপিল খারিজ করে ওলিসের হলুদ কার্ড বহাল রেখেছে, কোয়ার্টার ফাইনালে ঝুঁকি রয়েছে।

ফিফা ফ্রান্সের আপিল খারিজ করে ওলিসের হলুদ কার্ড বহাল রেখেছে

বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এ প্যারাগুয়ের বিরুদ্ধে ম্যাচে মাইকেল ওলিসেকে প্রদত্ত হলুদ কার্ডের বিরুদ্ধে ফ্রান্সের আপিল খারিজ করে সেটি বহাল রেখেছে ফিফা। এর ফলে কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে আবারও হলুদ কার্ড দেখলে সেমিফাইনালে নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে পড়বেন এই ফরাসি তারকা।

বাংলাদেশ সময় বুধবার (৯ জুলাই) দিবাগত রাত ২টায় ফ্রান্স মরক্কোর বিপক্ষে মাঠে নামবে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম জানান, ফিফা তাদের আপিল খারিজ করেছে। প্যারাগুয়ের মাতিয়াস গালারজার সঙ্গে বাকবিতণ্ডার জেরে ম্যাচের শেষ দিকে হলুদ কার্ড পান ওলিসে। রিপ্লেতে দেখা যায়, দুই খেলোয়াড়ের মধ্যে তেমন কোনো শারীরিক সংস্পর্শ হয়নি।

ওলিসের পাশাপাশি ব্র্যাডলি বারকোলা ও মানু কোনোও এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে রয়েছেন। অন্যদিকে, চোট কাটিয়ে মিডফিল্ডার অরেলিয়েন শুয়ামেনি অনুশীলনে ফিরতে পারেন বলে জানিয়েছেন দেশম।

মরক্কোর বিপক্ষে ম্যাচে আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেল্লোকে দায়িত্ব দেওয়ায় বিতর্কে যেতে চাননি ফরাসি কোচ। তিনি বলেন, রেফারিদের ওপর তার আস্থা রয়েছে এবং তিনি কেবল নিজের দলের পারফরম্যান্স নিয়েই ভাবছেন। ২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো দেশম এই টুর্নামেন্ট শেষে দায়িত্ব ছাড়বেন। তাই মরক্কোর কাছে হারলে সেটিই হবে ফ্রান্সের কোচ হিসেবে তার শেষ ম্যাচ।

বিজ্ঞাপন