বিশ্বকাপের রাউন্ড অব ৩২'র ম্যাচে ৩ বারের রানার্সআপ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আফ্রিকান জায়ান্ট মরক্কো। গত বিশ্বকাপে প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে খেলার রূপকথা লিখেছিল মরক্কো, আর ডাচরা বরাবরই ফেভারিট।
মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানাডার মন্টেরেই স্টেডিয়ামে মুখোমুখি হবে দু'দল। পরিসংখ্যানের পাতায় এগিয়ে রয়েছে নেদারল্যান্ডস। ১৯৯৪ সালে সবশেষ বিশ্বকাপে দেখা হয়েছিল দুই দলের। তাতে ২-১ গোলের জয় ছিল ডাচদের। মরক্কোর সামনে অতীত ফল বদলানোর সুবর্ণ সুযোগ রয়েছে।
ডাচ কোচ কোম্যান বলেন, ‘মরক্কো একটি শক্তিশালী দল। আমার মনে হয় দুই দলের মধ্যে এটি দারুণ একটি ম্যাচ হবে। এমন ম্যাচ বিশ্বকাপের শুরুতেই হয়ে যাচ্ছে। তবে আমাদের প্রতিপক্ষ তো তারা, তারা আক্রমণাত্মক ফুটবল খেলতে পছন্দ করে। তাদের দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে।’
মরক্কো গোলরক্ষক ইয়াসিন বোনো বলেন, ‘আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি একটি বড় ম্যাচ। প্রতিপক্ষ একটি দুর্দান্ত দল, যাদের দলে অনেক মানসম্মত খেলোয়াড় রয়েছে। মরক্কোরও কয়েকজন অসাধারণ খেলোয়াড় আছে। তাই ম্যাচটি হবে খুবই রোমাঞ্চকর। আমরা সবাই প্রস্তুত আছি এবং এই বড় চ্যালেঞ্জের জন্য নিজেদের সেরাটা দিতে চাই।’
কাগজে-কলমে, অভিজ্ঞতা আর নামেভারে যদিও নেদারল্যান্ডস কিছুটা এগিয়ে। তবে মরক্কো এমন একটি দল, যারা প্রতিপক্ষের আধিপত্য মেনে নিয়েও ম্যাচ জিততে জানে। এখন দেখার পালা মাঠের পারফরম্যান্সে এগিয়ে থেকে শেষ ষোলোর টিকিট পায় কারা।