যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি কাঠামোগত চুক্তিতে সই করেছে ইসরায়েল ও লেবানন। এই চুক্তিতে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও হামলা বন্ধের কোনো বাধ্যবাধকতা নেই, যা চুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে।
শুক্রবার ওয়াশিংটনে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এটিকে আলোচনা শুরুর প্রথম ধাপ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, এই চুক্তির মাধ্যমে উভয় দেশের মধ্যে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করা হবে।
চুক্তির আওতায়, লেবাননের সেনাবাহিনীকে পুরো দেশের নিরাপত্তা ও সার্বভৌম নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। একইসঙ্গে, হিজবুল্লাহসহ রাষ্ট্রবহির্ভূত সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করতে হবে।
এই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে ধাপে ধাপে দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার করবে। এই লক্ষ্যে দুটি পাইলট জোন নির্ধারণ করা হয়েছে।
এদিকে, লেবাননের দক্ষিণাঞ্চলের প্রায় এক-পঞ্চমাংশ এলাকা এখনো ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে, হিজবুল্লাহ তাদের অবস্থান থেকে সরে আসেনি।