বুধবার, ২৪ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিংয়ে পৌঁছেছেন, অংশগ্রহণ করছেন গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে।

বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর শুরু

চীনের বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে হাই-স্পিড (বুলেট) ট্রেনে করে তিনি সেখানে পৌঁছান। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান।

এর আগে, প্রধানমন্ত্রী স্থানীয় সময় সকাল ১০টায় ডালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর বার্ষিক সম্মেলনে অংশ নেন। চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ অংশ নেন।

সম্মেলনে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়িক, শিক্ষাবিদ এবং গণমাধ্যম অঙ্গনের ১ হাজার ৭০০ জনের বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন।

‘গ্রীষ্মকালীন দাভোসে’ প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি বিভিন্ন দেশের সেরা অনুশীলন ও অভিজ্ঞতা গ্রহণের মাধ্যমে জাতীয় সক্ষমতাকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করার প্রত্যাশা করা হচ্ছে।

বিজ্ঞাপন