ফিফা বিশ্বকাপে 'জি' গ্রুপের লড়াইয়ে বেলজিয়াম মুখোমুখি হচ্ছে এশিয়ান জায়ান্ট ইরানের। উভয় দলই নিজেদের প্রথম ম্যাচে ড্র করায় নকআউট ভাগ্য নির্ধারণে এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ম্যাচটি রোববার (২২ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। চলতি আসরে প্রথম ম্যাচে বেলজিয়াম মিশরের সঙ্গে ১-১ গোলে ড্র করে। অপরদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়ে ইরান ২-২ সমতায় শেষ করে।
বেলজিয়ামের আক্রমণের ভরসা রোমেলু লুকাকু, চার্লস ডি কেটেলারে এবং লিয়ান্দ্রো ট্রোসার্ড। অন্যদিকে, ইরানের প্রধান আশা অধিনায়ক মেহদি তারেমি ও অভিজ্ঞ রামিন রেজাইয়ান।
এটি হবে বিশ্বকাপে বেলজিয়াম ও ইরানের জাতীয় দলের প্রথম মুখোমুখি লড়াই। পরিসংখ্যান অনুযায়ী, ইরানের পক্ষে পরিস্থিতি খুব ভালো নয়; তারা বিশ্বকাপে এখন পর্যন্ত ১৯ ম্যাচে মাত্র তিনটি জয় পেয়েছে এবং ইউরোপীয় দলগুলোর বিপক্ষে ১০ ম্যাচ খেলে ৭টিতে হার মেনেছে।