রেস্তোরাঁ শিল্পে ভ্যাট বৈষম্য দূর করার জন্য ব্যবসায়ীরা দাবি জানিয়েছে। শুক্রবার রাজধানীর বিজয়নগরে রেস্তোরাঁ মালিক সমিতির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা বলেন, সব রেস্তোরাঁ-ক্যাটারিং সার্ভিসে ভ্যাট-ট্যাক্স একই রাখতে হবে।
সংগঠনের নেতারা জানান, এ খাতে আমলাতান্ত্রিক হয়রানি বন্ধে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন। বর্তমানে দেশে বিকশিত শিল্পের মধ্যে অন্যতম হলো হোটেল রেস্তোরাঁ খাত, যেখানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় দুই কোটি মানুষ জড়িত রয়েছে।
নেতারা আরও বলেন, নতুন বাজেটের কিছু নীতি এই খাতকে আরও জটিল করে তুলতে পারে। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তারা জানান, কিছু প্রস্তাব ও নীতি তাদের ব্যবসা পরিচালনাকে আরও ব্যয়বহুল ও জটিল করে দিচ্ছে।
রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন, ‘আমলাতন্ত্রের বেড়াজালে এ খাতের উদ্যোক্তাদের নিয়মিত হয়রানি হতে হচ্ছে।’ তিনি জানান, বর্তমানে রেস্তোরাঁয় ৫ শতাংশ এবং ক্যাটারিং সেবায় ১৫ শতাংশ ভ্যাট আরোপের ফলে ব্যবসায়ে অসম প্রতিযোগিতা তৈরি হচ্ছে।
তিনি অভিন্ন ভ্যাট-ট্যাক্সের দাবি জানিয়ে বলেন, সব রেস্তোরাঁ ও ক্যাটারিং সার্ভিসে ভ্যাটের হার ৫ শতাংশ করা জরুরি। রেস্তোরাঁ খাতের টেকসই উন্নয়নের জন্য ওয়ান-স্টপ সার্ভিস চালুরও দাবি জানিয়েছেন তারা।