জাতিসংঘ সদরদপ্তরে ২০২৬ সালের ইকোসক হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, বেসামরিক জনগণের সুরক্ষা ও আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা অপরিহার্য।
শুক্রবার নিউইয়র্কে অনুষ্ঠিত এই আলোচনায় তিনি রোহিঙ্গা নারী ও কিশোরীদের ওপর চলমান অর্থায়ন সংকটের প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখা জরুরি।
শামা ওবায়েদ নারীদের শান্তি বিনির্মাণ ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তিনি নারীদের লক্ষ্য করে ক্রমবর্ধমান ডিজিটাল হয়রানি, অপপ্রচার ও সাইবার অপব্যবহারের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের আহ্বান জানান। ‘আমরা ১০ লাখের বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি,’ বলেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, সীমিত সম্পদ সত্ত্বেও রোহিঙ্গাদের মৌলিক সহায়তা নিশ্চিত করা হচ্ছে। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে প্রত্যাবর্তন নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি।
তিনি বলেন, ‘এখন সময় এসেছে প্রতিশ্রুতিকে বাস্তবায়নের।’