২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপের গ্রুপ 'এ'-এর সমীকরণ মেলাতে বৃহস্পতিবার (১৮ জুন) রাতে আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা।
দুই দলই টুর্নামেন্টের প্রথম ম্যাচে যথাক্রমে দক্ষিণ কোরিয়া এবং সহ-আয়োজক মেক্সিকোর কাছে পরাজিত হয়েছে, ফলে তাদের জন্য আজকের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও হারলেই বিদায়ঘণ্টা বেজে যাবে না, নকআউট পর্বে টিকে থাকতে হলে জয়ের কোনো বিকল্প নেই।
বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম দুই প্রধান কোচের বয়স ৭০ বছরের ওপরে। চেক কোচ মিরোস্লাভ কুবেক ৭৪ বছর ২৯০ দিন এবং দক্ষিণ আফ্রিকার হুগো ব্রোস ৭৪ বছর ৬৯ দিন।
দক্ষিণ আফ্রিকার জন্য পরিস্থিতি কিছুটা কঠিন, কারণ মেক্সিকোর বিপক্ষে লাল কার্ড দেখানোর কারণে খেলতে পারবেন না দলের দুই তারকা ইয়ায়া সিথোল এবং থেম্বা জোয়ানে। তাদের পরিবর্তে থালেন্দে এমবাথাকে মাঠে দেখা যেতে পারে।
দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রোস আজ রক্ষণাত্মক ৫-৩-২ ফর্মেশন অনুসরণ করবেন বলে আশা করা হচ্ছে। তবে আক্রমণাত্মক ধার বাড়াতে ওসউইন অ্যাপোলিসকে মাঠে নামানোর সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, চেক প্রজাতন্ত্রের স্কোয়াডে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আক্রমণভাগে গতি বাড়াতে অ্যাডাম হ্লোজেককে শুরুর একাদশে অন্তর্ভুক্ত করা হতে পারে।
অপ্টা সুপারকম্পিউটারের রায়ে চেক দলের জয়ের সম্ভাবনা ৫২.৯ শতাংশ, যেখানে দক্ষিণ আফ্রিকার জয় পাওয়ার সম্ভাবনা মাত্র ২৩.৩ শতাংশ।