আর্জেন্টিনার এবারের বিশ্বকাপ অভিযান শুরু হলো লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে। বুধবার (১৭ জুন) আলজেরিয়ার বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে মেসি হ্যাটট্রিক করে দলকে বড় জয় এনে দেন।
ম্যাচটি অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের অ্যারোহেড স্টেডিয়ামে, যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশি তারকা দম্পতি নাদিয়া আহমেদ ও এফএস নাঈম। তারা সরাসরি ম্যাচটি উপভোগ করেন এবং তাদের উচ্ছ্বাস প্রকাশ করতে ভোলেননি।
নাদিয়া বলেন, “এটা আমার জন্য প্রথমবার বিশ্বকাপ ম্যাচ মাঠে বসে দেখা। পুরো ব্যাপারটাই স্বপ্নের মতো লাগছিল।” তিনি জানান, খেলা শুরু হওয়ার আগে থেকেই স্টেডিয়ামে উপস্থিত ছিলেন এবং উৎসবমুখর পরিবেশ উপভোগ করেছেন।
স্টেডিয়ামের ভেতরে প্রবেশের পর আর্জেন্টাইন সমর্থকদের উচ্ছ্বাসের কথা উল্লেখ করে নাদিয়া বলেন, “মাঠে ঢোকার পর সেই উচ্ছ্বাস কয়েক গুণ বেড়ে যায়।” তিনি জানান, সবাই অপেক্ষা করছিলেন, কখন মেসি মাঠে আসবেন।
মেসির মাঠে প্রবেশের মুহূর্তটি স্মরণ করে নাদিয়া বলেন, “স্টেডিয়ামজুড়ে কাউন্টডাউন শুরু হয় এবং মেসি এসে দাঁড়ানোর সাথে সাথে আমরা চিৎকার করতে শুরু করি।”
ম্যাচ শেষে নাদিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেন, যেখানে তিনি আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি পরিহিত অবস্থায় দেখা যাচ্ছেন। নাঈমও আকাশি রঙের টি-শার্ট পরে ছিলেন, যা তার প্রিয় দলের পতাকায় মিল ছিল।