ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালত বৃহস্পতিবার (১৮ জুন) অভিনেতা জাহের আলভীর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জাহের আলভী স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার প্ররোচনার মামলায় জামিনের জন্য আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ জানান, আত্মসমর্পণের পর আসামিপক্ষ জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে ইকরাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় জাহের আলভী নেপালে অবস্থান করছিলেন। ওই দিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান মিরপুর মডেল থানায় মামলা করেন। অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হন।
এ ঘটনায় জাহের আলভীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। উল্লেখ্য, জাহের আলভী ও আফরা ইভনাথ খান ইকরা ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তাদের একটি পুত্রসন্তান রয়েছে।