চলতি অর্থ বছরে কারিগরি শিক্ষাখাতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বুধবার (১৭ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সরকার মানবসম্পদ গঠনে কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে। আগামী বাজেটে শিক্ষাখাতে জিডিপির ৩ দশমিক ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করার চেষ্টা চলছে।
তিনি বলেন, দেশের মানবসম্পদ উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও সমাজের সকল স্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে নীতি-নৈতিকতা, মূল্যবোধ ও সংস্কৃতিচর্চার বিকাশ ঘটানোও জরুরি।
শিক্ষামন্ত্রী আরও জানান, এ লক্ষ্যে কারিকুলাম ও সিলেবাস আরও যুগোপযোগী করা হচ্ছে। অতীতে শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধির দাবি করা হলেও তা জিডিপির অনুপাতে সন্তোষজনক ছিল না।
তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে শিক্ষাখাতে বিভিন্ন ইতিবাচক পরিবর্তনের কথা উল্লেখ করেন। মন্ত্রী বলেন, খাদ্যের বিনিময়ে তিনি শিক্ষা কর্মসূচি দিয়েছিলেন এবং পরবর্তীতে টাকার বিনিময়ে শিক্ষার কর্মসূচি চালু করেছিলেন।
এছাড়া, তিনি উল্লেখ করেন যে বিগত বিএনপি সরকারের শাসনামলে শিক্ষা খাতে সবচেয়ে বেশি সুন্দর পরিবেশ বজায় ছিলো।