জাল ভিসা ও পাসপোর্ট তৈরির অভিযোগে সাবেক ভূমিমন্ত্রীর একান্ত সহকারী শিশির মোল্লাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে রাজধানীর ওয়ারি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় শিশির মোল্লার কাছ থেকে ভূয়া পাসপোর্ট ও জাল টিকিট জব্দ করা হয়। ডিএমপির ডিবি শাখার প্রধান শফিকুল ইসলাম আজ বুধবার মিন্টুরোডে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
শিশির মোল্লা সাবেক ভূমিমন্ত্রীর ফেসবুক পেজ পরিচালনা করতেন এবং সেই পরিচয় ব্যবহার করে নেতা-মন্ত্রীদের বরাত দিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাৎ করতেন।
ডিবি প্রধান জানান, বিদেশ পাঠানোর কথা বলে অন্তত ১৪ জনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই ঘটনায় যাত্রাবাড়ী থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।
শফিকুল ইসলাম আরও জানান, শিশিরের এসব কাজে ৪-৫ জন সহযোগী ছিল, তাদেরকেও আইনের আওতায় আনা হবে। সম্প্রতি মহানগরের তালিকাভুক্ত ১৩৯ জন চাদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।