মানহানির দুটি মামলায় সিরাজগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে স্থায়ী জামিন পেয়েছেন কুষ্টিয়া–৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা মুফতি আমির হামজা। রোববার দুপুরে জামিন আবেদনের শুনানি শেষে বিচারক সুমন কুমার সূত্রধর আবেদন মঞ্জুর করেন।
আমির হামজা এমপি দুপুর আড়াইটার দিকে আদালতের এজলাসে প্রবেশ করেন। আদালতে তার পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আবু তালেব, বিপক্ষে ছিলেন সিরাজগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কর্নেল।
গত ২৭ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মানহানি মামলায় আট সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। এই মামলায় স্থায়ী জামিন নিতে আমির হামজা সিরাজগঞ্জের আদালতে আত্মসমর্পণ করেন।
অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট সন্তান প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে কুটুক্তিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান মামলাটি দায়ের করেছিলেন। সেই মামলাতেও তাকে স্থায়ী জামিন দেওয়া হয়েছে।
আমির হামজার আত্মসমর্পনকে কেন্দ্র করে সকাল থেকেই সিরাজগঞ্জ আদালতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে জেলা পুলিশ।