ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। শুক্রবার (১৩ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
আরাগচি বলেন, 'যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সম্পাদনের সম্ভাবনা এর আগে কখনও এতটা কাছাকাছি পৌঁছায়নি।' তিনি উল্লেখ করেন, সমঝোতা স্মারক চূড়ান্ত হলে উভয় পক্ষ নিজ নিজ দেশ থেকে ডিজিটাল স্বাক্ষর করবে এবং পরে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
প্রস্তাবিত স্মারকে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। তিনি জানান, 'অন্তর্বর্তীকালীন চুক্তি বাস্তবায়িত না হলে কোনো পারমাণবিক আলোচনা শুরু হবে না।' সম্ভাব্য চুক্তি স্বাক্ষরের পর উভয় পক্ষ নতুন কোনো যুদ্ধ শুরু না করার অঙ্গীকার করবে।
আরাগচি আরও বলেন, 'এরপর ৬০ দিনের মধ্যে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হবে, যার লক্ষ্য হবে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো।' গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি শুরুর পর ইরান ও যুক্তরাষ্ট্র একে অপরের ওপর হামলা চালায়।
গত বৃহস্পতিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলা চালানোর হুমকি দেন, তবে কিছুক্ষণ পর তিনি বলেন, হামলা চালাতে নিষেধ করেছেন কারণ দুই দেশের মধ্যে একটি চুক্তি প্রস্তুত হচ্ছে।