শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

২০২৬-২৭ অর্থবছরের বাজেট কাল পেশ, লক্ষ্য ট্রিলিয়ন ডলার অর্থনীতি

আগামীকাল পেশ হতে যাচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, লক্ষ্য ট্রিলিয়ন ডলার অর্থনীতি।

২০২৬-২৭ অর্থবছরের বাজেট কাল পেশ, লক্ষ্য ট্রিলিয়ন ডলার অর্থনীতি

জাতীয় সংসদে আগামীকাল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে রূপান্তরের লক্ষ্যে এটি বর্তমান সরকারের প্রথম বাজেট। বাজেটের আকার ধরা হচ্ছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

বিশ্ববাজারে চলমান টালমাটাল পরিস্থিতির প্রভাব দেশের অর্থনীতিতে পড়েছে। চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের বাজারে মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্যে দেশের মূল্যস্ফীতি ৯ দশমিক ৪২ শতাংশ ছাড়িয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা, আসন্ন বাজেটে করের বোঝা না বাড়িয়ে নিত্যপণ্যের দাম কমানোর সুস্পষ্ট ঘোষণা থাকবে।

বিএনপি সরকারের প্রথম বাজেটে দলটির নির্বাচনী ইশতেহারের প্রতিফলন দেখা যাবে। রাজস্ব আয় বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবিলা করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং সুষম উন্নয়নের প্রতিশ্রুতি থাকবে।

অর্থমন্ত্রী বাজেটে আয়ের লক্ষ্য ৭ লাখ কোটি টাকা নির্ধারণ করেছেন, যার বেশিরভাগই আদায় করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বাজেটে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি থাকবে, যা বিদেশি উৎস ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহ করে পূরণ করা হবে।

বাজেটে জিডিপির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৫ শতাংশ এবং মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে আটকে রাখার পরিকল্পনা রয়েছে। সামাজিক নিরাপত্তা খাতে প্রায় ১৪ হাজার কোটি টাকা বাড়ানোর সম্ভাব্য বরাদ্দ ১ লাখ ৩০ হাজার কোটি টাকা হতে পারে।

এছাড়া, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির বিস্তারের বিষয়টি এবারের বাজেটে গুরুত্বপূর্ণ হতে পারে। অন্তর্বর্তী সরকার করমুক্ত আয়সীমা তিন লাখ ৭৫ হাজার টাকা করার সিদ্ধান্ত নেয়, যা আগামী দুই অর্থবছর বহাল থাকবে। এবারের এডিপির আকার দেড়গুণ বাড়ছে এবং বড় বরাদ্দ থাকবে যোগাযোগ, স্বাস্থ্য ও শিক্ষা খাতে। বাজেটের বড় অংশ সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা ও বিদেশি ঋণের সুদ পরিশোধে ব্যয় হবে।

বিজ্ঞাপন