শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

বাংলাদেশের দুই দল ফ্রি ফায়ার বিশ্বকাপে অংশগ্রহণ করবে

ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে চ্যাম্পিয়ন স্ট্র হ্যাটস ও রানার্স-আপ টাইটান ইস্পোর্টস বিশ্বকাপে যাবে।

বাংলাদেশের দুই দল ফ্রি ফায়ার বিশ্বকাপে অংশগ্রহণ করবে

ফ্রি ফায়ারের জাতীয় পর্যায়ের অন্যতম বড় টুর্নামেন্ট ‘ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ স্প্রিং ২০২৬’ শেষ হয়েছে। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে স্ট্র হ্যাটস এবং রানার্স-আপ হয়েছে টাইটান ইস্পোর্টস ক্লাব। উভয় দল আগামী মাসে ফ্রান্সে অনুষ্ঠিতব্য ইস্পোর্টস বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

টুর্নামেন্ট আয়োজক গ্যারেনা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কয়েক সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এক লাখের বেশি দল অংশ নেয়। একাধিক ধাপ পেরিয়ে ফাইনাল পর্বে জায়গা করে নেয় শীর্ষ ১২টি দল।

ফাইনালে সেরা পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়নের শিরোপা জিতে নেয় স্ট্র হ্যাটস। দলটি পুরস্কার হিসেবে পেয়েছে ২০ লাখ টাকা। অন্যদিকে, ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে রানার্স-আপ হয় টাইটান ইস্পোর্টস ক্লাব, যা পেয়েছে ১২ লাখ টাকা।

স্ট্র হ্যাটস ও টাইটান ইস্পোর্টস ক্লাব আগামী ১৫ থেকে ১৮ জুলাই ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিতব্য ২০২৬ ইস্পোর্টস ওয়ার্ল্ড কাপে অংশ নেবে। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশের এই দুই দল।

টুর্নামেন্টটির মোট পুরস্কার মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ লাখ মার্কিন ডলার। আয়োজকদের মতে, দেশের ইস্পোর্টস খাতের বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিজ্ঞাপন