মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের কাছে থাকা উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিজেদের নিয়ন্ত্রণে নিতে ওয়াশিংটনের কোনো চুক্তির প্রয়োজন নেই। বৃহস্পতিবার (৪ জুন) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমরা চাইলে এখনই এটি দখল করতে পারি। তবে এই মুহূর্তে তার কোনো কারণ বা প্রয়োজন নেই।’ তিনি উল্লেখ করেন, ইরানের ইউরেনিয়াম মজুত মার্কিন গোয়েন্দা নজরদারিতে রয়েছে এবং সেটি সব কোণ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘কেউ যদি এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, তবে আমাদের কী করতে হবে তা আমরা ভালো করেই জানি।’ ট্রাম্প ইরানে সামরিক অভিযান চালানোকে ভেনিজুয়েলার মতো সহজ নয় বলে উল্লেখ করেছেন।
বর্তমানে ইরানের কাছে প্রায় ৪০০ কেজি ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে এবং বিশেষজ্ঞরা মনে করেন, এই পরিমাণ ইউরেনিয়ামকে আরও কিছুটা পরিশোধন করা হলে তা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব।
ট্রাম্পের মন্তব্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সাম্প্রতিক তথ্যের প্রেক্ষাপটে এসেছে, যেখানে ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তিনি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেছেন, যদি দুই দেশের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তি হয়।