রাজধানীর মিরপুরে নূরজাহান বেগম নামের এক বৃদ্ধার মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্মসচিব আনিসুর রহমানকে পদ থেকে সরানো হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আনিসুর রহমানকে মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রকৌশল ও উন্নয়ন পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাকে আজই নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে, অন্যথায় তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান, পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী আনিসুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আনিসুর রহমানের বক্তব্য নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে।
গত ৩১ মে মিরপুর-১১ নম্বরের একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নূরজাহান বেগম তার মেয়ের সঙ্গে যে বাসায় থাকতেন, সেই বাসার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, নূরজাহান বেগমের ঘরসহ পুরো ফ্ল্যাটের অবস্থা অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির জানান, মরদেহ উদ্ধারের সময় সেখানে পোকার অস্তিত্ব দেখা গেছে। তিনি বলেন, 'নূরজাহান বেগম যে বাসায় ছিলেন, সেটা তার মেয়ের বাসা। বাসাটি খুব নোংরা ছিল।'
নূরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় তার সন্তানদের অবহেলার বিষয়টি নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা হচ্ছে। এলাকাবাসীসহ অনেকে এই মৃত্যুকে অমানবিক বলে ক্ষোভ প্রকাশ করেছেন।