রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় আসামি সোহেল রানা দায় স্বীকার করেছেন। তবে তার স্ত্রী স্বপ্না আক্তার নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং অব্যাহতি চান।
আজ বুধবার দুপুরে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আত্মপক্ষ সমর্থনে আলাদা বক্তব্য দেন সোহেল এবং স্বপ্না। মামলার যুক্তিতর্ক আগামীকাল বৃহস্পতিবার উপস্থাপন হবে।
রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় শুনানির সময় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। বিচারক তাদের বিরুদ্ধে আনা অভিযোগ এবং ১৬ সাক্ষীর বক্তব্য পড়ে শোনান।
সাক্ষ্য গ্রহণের সময় সোহেল রানা নিশ্চুপ থাকলেও স্বপ্না অঝোরে কাঁদছিলেন। রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আজিজুর রহমান দুলু জানান, প্রথমে সোহেল নিজেকে নির্দোষ দাবি করেন এবং অপর একজন সহযোগীর ওপর দায় চাপানোর চেষ্টা করেন। পরে তিনি ক্ষমা চেয়ে নিজের অপরাধ স্বীকার করেন।
আসামিপক্ষের আইনজীবী মুসা কলিমুল্ল্যাহ জানান, আসামি স্বপ্না খাতুন নিজেকে নির্দোষ দাবি করেছেন। আত্মপক্ষ সমর্থন শুনানি শেষে আদালত বৃহস্পতিবার দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করেছেন। রাষ্ট্রপক্ষের পিপি আশা প্রকাশ করেছেন যে, আগামী সপ্তাহেই মামলার রায় হতে পারে।