মঙ্গলবার, ০২ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কোটালীপাড়ায় চোর ধরা নিয়ে সংঘর্ষ, আহত ২০

কোটালীপাড়া উপজেলায় চোর আটকের ঘটনায় সংঘর্ষ, আহত ২০ জন।

কোটালীপাড়ায় চোর ধরা নিয়ে সংঘর্ষ, আহত ২০

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চোর আটকের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই সংঘর্ষে নারী-পুরুষসহ ২০ জন আহত হয়েছেন।

ঘাঘরকান্দা-বেপারীপাড়া গ্রামে সংঘর্ষের ফলে গুরুতর আহতদের মধ্যে রয়েছেন ওহাব গাজী (৬০), জালাল গাজী (৪৫), খলিল গাজী (৪৮), আরিফুল গাজী (৩০), জলিল গাজী (৪৬), ছনিয়া খানম (১৯), মাজেদা বেগম (৪৫), হান্নান বরকতউল্লাহ (৫৫), মুকুল মুন্সী (৪৮), অলি বরকতউল্লাহ (৩৫), তাওসীন বরকতউল্লাহ, হানিফ শেখ (৪৫), হাবিব মুন্সী (৪২) এবং জাহিদুল বরকতউল্লাহ (৩৮)। তাদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক বিরোধী কমিটির সদস্যরা ব্যাটারি চুরির অভিযোগে কাঠিগা গ্রামের মোরসালিন মিয়া, চিতশী গ্রামের রাসেল দাড়িয়া ও ঘাঘরকান্দা গ্রামের আব্দুল্লাহ দাড়িয়াকে আটক করে। পরে এলাকাবাসী এসে মাদক বিরোধী কমিটির কার্যালয় ভাঙচুর করে ওই তিনজনকে নিয়ে যায়।

মাদক বিরোধী কমিটির সাধারণ সম্পাদক জসিম মোল্লা বলেন, "আমাদের বেপারীপাড়া গ্রামের এক ব্যক্তির গাড়ি থেকে মোরসালিন, রাসেল ও আব্দুল্লাহ এই ৩ জন মিলে ব্যাটারি চুরি করে বিক্রি করে দেয়। এ খবর জানার পরে আমরা তাদের আটক করি এবং পুলিশকে খবর দিই। পরে কাঠিগা-চিতশীর লোকজন এসে আমাদের ওপর হামলা করে।"

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দায়ের করেনি এবং এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

বিজ্ঞাপন